দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে মোট আটজন প্রার্থীর মধ্যে ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাতে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো: গোলাম মাসুম প্রধানের স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা সূত্রে এ তথ্য জানা যায়।

ফলাফল বার্তা প্রেরণ শিটের সূত্র মতে, ‘বিএনএম-নোঙর’ প্রতীকের প্রার্থী সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা খন্দকার ওয়াহিদ মুরাদ পেয়েছেন এক হাজার ৪৮২ ভোট, আব্দুল করিম ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২৪ ভোট, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম ‘স্বতন্ত্র-ট্রাক গাড়ি’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ছয় হাজার ৫৫৬ ভোট, মো: আনোয়ার হোসেন ‘বাংলাদেশ তরিকত ফেডারেশন-ফুলের মালা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৮৯ ভোট, মো: আবুল কাশেম ‘জাতীয় পার্টি-লাঙল’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ছয় হাজার ৬২৫ ভোট, সৈয়দ মাহমুদুল ইলাহ ‘স্বতন্ত্র-বাঁশি’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৮০ ভোট।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট আসনের নির্বাচনে কাস্ট (প্রদত্ত) হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা হিসেবে সাড়ে বারো শতাংশ (১২ দশমিক ৫) ভোটের কম ভোট কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সেই হিসেবে, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ফলাফল অনুযায়ী মোট প্রদত্ত এক লাখ ৬২ হাজার পাঁচ ভোট। জামানত ফিরে পেতে নূন্যতম ২০ হাজার ২৫১ ভোট পেতে হবে প্রার্থীদের।

এই আসনে আ’লীগ নৌকা প্রতীক পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬৮৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ’লীগসহ সভাপতি তারেক শামস খান হিমু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভোট। এতে ৮১ হাজার ৩৯২ বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আহসানুল ইসলাম টিটু।