দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে ফের সংসদ সদস্য নির্বাচিত হলেন- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ নিয়ে তিনি টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এবং সহকারী রিটার্নিং অফিসার ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান বেসরকারিভাবে নাজমুল হাসান পাপনকে বিজয়ী ঘোষণা করেন। নাজমুল হাসান পাপন মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমানের একমাত্র ছেলে।
নির্বাচনের ফলাফল থেকে জানা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নাজমুল হাসান পাপন নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এক লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত হাজী মোহাম্মদ রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে মোট তিন হাজার ২০৬ ভোট পেয়েছেন।