দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় একসাথে চার কন্যা শিশুর জন্ম দিয়েছেন সালমা বেগম নামে এক গৃহবধূ। রোববার রাত ৮টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একে একে চার কন্যা শিশুর জন্ম দেন। জানা যায়, সালমা বেগম উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা এলাকার আজি উদ্দিন হাওলাদার বাড়ির মোহাম্মদ জুয়েলের স্ত্রী। তিনি কনস্ট্রাকশনের কাজ করেন। তাদের দুই বছরের আরো এক ছেলে রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সালমার দেবর মোহাম্মদ সাগর জানান, রোববার বিকেলে বাড়িতে আমার ভাবীর প্রসব বেদনা ওঠে। এরপর সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে আনার পরই হসপিটালের নার্সদের সহযোগিতায় আমার ভাবী একে একে চার কন্যাশিশুর জন্ম দেন। সন্তান জন্মের পর ভাবী সুস্থ আছেন। তবে নবজাতকদের শারীরিক জটিলতা থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলায় নেয়ার কথা বলেছেন চিকিৎসক।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, হসপিটালে আনার পরপরই তিনি এক শিশুর জন্ম দেন। এরপর আমাদের সহযোগিতায় একে একে মোট চার কন্যাশিশু জন্ম দেন। আমরা আন্তরিকতার সাথে ওই প্রসূতির প্রসব করিয়েছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: অতনু মজুমদার জানান, সন্ধ্যার পর সালমা নামের একজন গর্ভবতী মা হাসপাতালে আসেন। তিনি আসার পর আমাদের নার্স ও মিডওয়াইফরা দক্ষতার সাথে ওই গর্ভবতী মায়ের সন্তান প্রসব করান। এ সময় ওই রোগী একে একে চার সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর মা সুস্থ থাকলেও নবজাতক শিশুদের শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।