কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বাড়ির পাশের চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের ওপর দুই দফা হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের নারীসহ পাঁচজন আহত হন। আহতরা হলেন- উত্তর হারবাং বৃন্দাবনখীল গ্রামের বৃদ্ধ আলী আহমদ (৭০), তার স্ত্রী সুফিয়া খাতুন (৫৫), তাদের দুই ছেলে নাছির উদ্দিন (৪০) ও শাহাব উদ্দিন (৩৯) এবং সেলিম উদ্দিনের স্ত্রী নার্গিস সোলতানা (২৫)। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত ১০ জানুয়ারি বুধবার বেলা ১১টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৫টায় বৃদ্ধ আলী আহমদের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আলী আহমদের ছেলে সালাহ উদ্দিন বাদি হয়ে চকরিয়া থানায় ছয়জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে যাদের নাম এসেছে তারা হলেন- একই এলাকার মৃত পুতন আলীর ছেলে মোজাফ্ফর আহমদ (৫৮), মোজাফ্ফরের দুই ছেলে রিদুওয়ান (২৫) ও আবু হানিফ (৪৫), মতিউর রহমানের ছেলে আমির হামজা (৫৫), আমির হামজার ছেলে বেলাল হোসেন (৩৬) এবং কামাল হোছনের ছেলে মো: হোছন (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা রয়েছে আরো তি-চারজনের মতো।
এজাহারে সালাহ উদ্দিন জানান, তাদের বসতবাড়ি সংলগ্ন চলাচলের পথটি তাদের পূর্বপুরুষদের সময়কাল থেকে (৩০-৪০ বছর যাবৎ) শান্তিপূর্ণভাবে চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে। এ পথসংলগ্ন দক্ষিণ পাশেও বসতঘর রয়েছে। কিন্তু পাশের মোজাফ্ফরের ছেলেরা চলাচলের এ পথটির কিছু অংশ আটকে রাখার কারণে পুরো পথটিই বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদেরসহ এ পথে চলাচলকারী সবার। চলাচলের এ পথটি ছেড়ে দেয়ার জন্য তাদের বারবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি। বরং এর জের ধরে ঘটনার দিন সকালে ও সন্ধ্যায় দুই দফায় মোজাফ্ফরের ছেলে ও তাদের ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ এসে তাদের বসতঘরে বেপরোয়াভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে তার বৃদ্ধ মা-বাবাকে এবং তার এক ছোট ভাইকে ব্যাপক মারধর ও আহত করে। হামলাকারীরা তাদের বসতঘরের দরজা-জানালা ভাঙচুর ও লুটপাট করায় প্রায় ৪০ হাজার টাকার মতো ক্ষতি সাধন করে।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ওসি শেখ মো: আলী জানান, ঘটনার খবর পেয়ে হারবাং ফাঁড়ি থেকে দুপুরে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের পরিবার পক্ষ থেকে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
চকরিয়ায় চলাচলের পথ নিয়ে বিরোধে হামলা নারীসহ আহত ৫
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বাড়ির পাশের চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের ওপর দুই দফা হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায়...



