ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই স্কুলের হাটে অজ্ঞাত এক বাকপ্রতিবন্ধী কিশোরের (১৪) সন্ধান পাওয়া গেছে। ফলে এলাকাবাসী ওই কিশোরের পরিবারের সন্ধান চেয়েছে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই স্কুলের হাটে অজ্ঞাত এক বাক-শ্রবণ প্রতিবন্ধী কিশোর দু'মাস আগে এসে বাজারে ঘোরাফেরা করে। ক্ষুধা পেলে হোটেলে গিয়ে ইশারায় সে খাবার চেয়ে নিত। সন্ধ্যা হলে দোকানের সামনে রাত্রিযাপন করে আসতো। একপযার্য়ে সে অসুস্থ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে। কিছুটা সুস্থ হলে স্থানীয়রা তাকে হাসপাতাল থেকে রত্নাই স্কুলের হাটে নিয়ে যায়।

১৪ বছর বয়সী এই কিশোর বাক ও শ্রবন প্রতিবন্ধী হওয়ায় নিজের ঠিকানা বলতে পারে না। রত্নাই স্কুলের হাট এলাকার জনৈক গয়েস পাল নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের আইডির টাইমলাইনে বাক-শ্রবন প্রতিবন্ধী কিশোরের পরিবারের সন্ধান চেয়েছেন এবং কিশোরটির পরিবারের সন্ধান দিতে তার ব্যবহৃত ০১৭৫৩৮০৬৯৩২ মুঠোফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

বর্তমানে বাক শ্রবণ প্রতিবন্ধী কিশোর রত্নাই স্কুলের হাটে রয়েছেন।