এবারের মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী হয়েছেন টাঙ্গাইলের আহসানুল ইসলাম টিটু। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মকবুল হোসেনের ছেলে। তিনি একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ। প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি প্রথমেই নাগরপুর-দেলদুয়ার অঞ্চলের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের ব্রত। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আমার সেরাটা দিয়ে তা পালন করতে।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রথমবার টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আহসানুল ইসলাম টিটু। তিনি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগের টিকিটে প্রায় ৮২ হাজার ভোটের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।