কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মো: ইসমাইল হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় হোসেনপুর-পুলেরঘাট সড়কের কুড়িমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল হোসেনপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম দ্বীপেশহর গ্রামের মো: মাতাব মিয়ার ছেলে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, রোববার ইসমাইল হোসেনপুর থেকে বন্ধুদের নিয়ে অটোরিকশায় পাশের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ বাৎসরিক মেলায় যাচ্ছিল। পথে উপজেলার কুড়িমারা নামক স্থানে অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসমাইল গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



