দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় পক্ষে-বিপক্ষে অংশ নেয়ায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে বিবদমান দুই গ্রুপের শ্রমিকের মধ্যে আবারো অসন্তোয় দেখা দিয়েছে। ফলে এই অসন্তোষ যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে।
সোমবার দুপুরে বাংলাদেশ স্থলবন্দর লীগ, বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি মো: সাজ্জাদ হোসেন বুড়িমারীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ আশঙ্কা করেন।
সাজ্জাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ ও উৎসব মুখর করার জন্য স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেন। এতে যে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অংশ নিতে পারবে। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে অংশ নেন। নির্বাচনে ঈগল প্রতীকের প্রার্থী আতাউর রহমান প্রধান হেরে যান। পরে এ বিষয়টিকে হাতিয়ার হিসেবে নিয়ে সাধারণ শ্রমিকদের কার্যালয়টি দখল করে নেয় আগের সর্দাররা। ইতোপূর্বে বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই সর্দারদের সাথে সাধারণ শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসব ঘটনায় শ্রমিকরা পণ্য লোডআনলোড বন্ধ করে দিলে তৎকালীন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সরেজমিনে বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করে শ্রমিক কাস্টম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যায়।’
সাজ্জাদ আরো বলেন, ‘বর্তমানে সর্দাররা আবারো অবৈধভাবে কর্মকাণ্ড পরিচালনা করায় সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তাকে তার বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, এমনকি বিভিন্ন হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।’



