সাড়ে চার বছরের এক শিশু অপহরণের দু’দিন পর চাচার ঘরের ট্র্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির চাচা, চাচী ও চাচাতো ভাইকে আটক করা হয়েছে। ঘটনাটি পাবনার সাঁথিয়ার আতাইকুলা থানার আলোকচর গ্রামের। মঙ্গলবার রাত ১০টায় লাশ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- আনোয়ার হোসেন শাহাদত, তার স্ত্রী ফাহিমা ও ছেলে ফয়সাল।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলোকচর গ্রামের আবু হাসেমের ছেলে সালমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এরই মাঝে সকাল ১০ টায় সালমানের চাচা সাদ্দামের মোবাইলে টেলিগ্রাম অ্যাপে ১০ লাখ টাকা নিয়ে পাশের গ্রামের আতাইকুলা-সুজানগর রাস্তার হিজলতলা নামক স্থানে টাকা রেখে সালমানকে ফেরত পেতে ম্যাসেজ দেয়া হয়। এ ম্যাসেজ পেয়ে সালমানের বাবা আবু হাসেম আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গত সোমবার আতাইকুলা থানায় মামলা হয়েছে।
আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত সালমানের চাচাতো ভাই ফয়সালকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়। জিঙ্গাসাবাদে রাতে ফয়সাল শিশুটিকে হত্যা করেছে বলে স্বীকার করে। তাকে নিয়ে রাত ১০টার দিকে তার ঘরের ট্র্যাঙ্কের ভেতর থেকে শ্বাসরোধে হত্যা করা শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ সময় ফয়সালের বাবা ও মাকে আটক করা হয়। ওসি আরো বলেন, ফয়সাল অনলাইনে জুয়ায় হেরে সালমানকে অপহরণ করে মুক্তিপণ দাবির কথা জানিয়েছে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যালে এবং আটককৃতদের পাবনা আদালতে পাঠানো হয়েছে।
সাঁথিয়ায় অপহৃত শিশুর লাশ উদ্ধার আটক ৩
সাড়ে চার বছরের এক শিশু অপহরণের দু’দিন পর চাচার ঘরের ট্র্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির চাচা, চাচী ও চাচাতো ভাইকে...



