ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের বিষে জাহেরুল ইসলাম নামে এক খামারির ৭ শতাধিক হাঁস মারা গেছে।
বুধবার দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই খামারির ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খামারি জাহেরুল ইসলাম জানান, ‘শীতের কারণে বুধবার সকাল বেলায় একটু দেরি করে হাঁসগুলো তিনি মাঠে ছেড়ে দেয়া হয়। হাঁসগুলোকে মাঠে পৌঁছানোর ১৫ মিনিটের মধ্যেই তার খামারের ৭ শতাধিক হাঁস মারা যায়। এ সময় পেছনে থাকা হাঁসগুলোকে পরে কোনোমতে খামারে ফিরিয়ে নিয়ে আসি।’
জাহেরুল ইসলামের ধারণা, ‘অজ্ঞত দুর্বৃত্তরা মাঠের মাঝখানে বিষযুক্ত ধান ছিটিয়ে রেখেছিল। হয়তো সেই বিষ মিশ্রিত ধান খাওয়ার পরই হাঁসগুলো মারা গেছে।’
জানা গেছে, পাঁচ বছরের বেশি সময় ধরে নিজ বাড়িতে বাণিজ্যিকভাবে হাঁস পালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে প্রায় এক হাজারের বেশি হাঁস পালন করেন তিনি। মাংস খাওয়ার উপর্যুক্ত হলেই তিনি এসব হাঁস বিক্রি করে দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘খামারি আবেদন করলে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’



