কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে লাঠির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিলু মিয়া (৫৫) গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়ির মরহুম নুরুল হকের ছেলে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে দু’ভাইয়ের মধ্যে সমঝোতার জন্য শালিসে বসে এলাকাবাসী। এর এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং ছোট ভাই স্বপন মিয়া ও তার শ্বশুরবাড়ির লোকজন লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন লিলু মিয়া। স্বজনরা আহত লিলু মিয়াকে ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লিলু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।