লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরে দু’গ্রুপের শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপরে বিবদমান দু’গ্রুপের শ্রমিকের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, প্রত্যক্ষদর্শীসহ একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপরের দিকে শ্রমিক নেতা সাজ্জাদ গ্রুপের প্রায় ৫০-৬০ জন শ্রমিক বন্দরের লেবার সিরিয়াল অফিসে হামলা চালায়। এ সময় আগের সরদারের শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আগের সরদারের শ্রমিকরা ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর পরই পুলিশ গিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেয়। তবে যেকোনো মুহুর্তে ওই দু’গ্রুপ শ্রমিকের মধ্যে আবার সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগের গ্রুপের সরদার হামিদুল হক দাবী করেন সাজ্জাদ গ্রুপের হামলায় তাদের খোরশেদসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপরে সংবাদ সম্মেলন করে তারা দাবি করেন আমরা শান্তি-শৃঙ্খলাভাবে কার্যক্রম পরিচালনা করছি। কিন্ত তারা (সাজ্জাদ) গ্রুপের লোকজন বহিরাগত লোক দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে আমরা সজাগ রয়েছি। আগের গ্রুপের সেক্রেটারি তহিদুল ইসলাম বলেন ওরা (সাজ্জাদ) চেষ্টা করেছিল। কিন্ত আমাদের লোকজন সজাগ থাকার কারনে তারা কিছু করতে পারেনি।

শ্রমিক নেতা সাজ্জাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন ও মিথ্যা। আমি শুনেছি সাধারণ কিছু শ্রমিক সেখানে গেছে। তাদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তাদের গায়ে কি লেখা আছে যে তারা আমার শ্রমিক। তবে আমি আমার শ্রমিকদের বলেছি তারা কোনো বিশৃঙ্খলায় না যেতে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।