ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তরা বিষ দিয়ে খামারির সাত শতাধিক হাঁস মেরে দুই লাখ টাকার ক্ষতি করায় বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত খামারের উদ্যোক্তা জাহেরুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই খামারি।
খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে বুধবার সকাল বেলায় একটু দেরি করে হাঁসগুলো মাঠে ছেড়ে দেয়া হয়। হাঁসগুলো মাঠে পৌঁছার ১৫ মিনিটের মধ্যেই সাত শতাধিক হাঁস মারা যায়। পেছনে থাকা কিছু হাঁস পরে কোনো মতে খামারে ফিরিয়ে আনা হয়।
জাহেরুল ইসলামের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা মাঠের মাঝখানে বিষযুক্ত ধান ছিটিয়ে রেখেছিল। হয়তো সেই বিষ মিশ্রিত ধান খাওয়ার পরই হাঁসগুলো মারা গেছে। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পাঁচ বছরের বেশি সময় ধরে নিজ বাড়িতে বাণিজ্যিকভাবে হাঁস পালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে এক হাজারের বেশি হাঁস ছিল তার। খাওয়ার উপযুক্ত হলেই তিনি এসব হাঁস বিভিন্ন বাজারে বিক্রি করে দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, খামারি আবেদন করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।