বগুড়ার শেরপুরে বাজার নিয়ন্ত্রণ ও পণ্যের সঠিক দাম নির্ধারণের লক্ষ্যে রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। এ সময় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা থাকার কারণে তাদেরকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দেশের অসাধু ব্যবসায়ীদের দ্বারা সৃষ্ট অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণ রাখতে নড়েচড়ে বসেছে শেরপুর উপজেলা প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক সাইদুর রহমানের মুদির দোকানে প্লাস্টিকের বস্তা রাখায় তিন হাজার টাকা এবং মোস্তফা, আব্দুল ওয়াহাব ও জাহাঙ্গীর আলমের দোকানে পণ্যের সঠিক দাম না নেয়ায় ১৪ হাজার টাকা জরিমানা করেন। র্যাব সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, যারা ব্যবসার নামে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। এ ছাড়া প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।