ঢাকার দোহার উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় মো: বাদশা মিয়া (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ইকরাশি দেওয়ান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বাদশা মিয়া দোহার উপজেলার রাইপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার সকালে মৈনটঘাট এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক নবাবগঞ্জের দিকে যাওয়ার সময় ইকরাশী দেওয়ান বাড়ি পাক ড্রেন-সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের পাশের বিদ্যুতের খুটি ভেঙ্গে খাদে পড়ে যায়। বাদশা মিয়া গরুর ঘাস কাটতে যাওয়ার সময় ওই ট্রাকের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. শিউলি আক্তার জানান, ‘হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়েছে।’