পাইকগাছায় পাঁচটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পাঁচটি বসতঘর সমপূর্ণ পুড়ে প্রায় তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। বসতঘর পুড়ে যাওয়া এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, শত্রুতা করে কেউ এমন ঘটনা ঘটাতে পারে। তবে এলাকাবাসী মনে করছেন রান্নাঘর থেকে আগুনটি লাগতে পারে। আগুন লাগার পর স্থানীয়রা ও আশাশুনির ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আগুন নিভানো হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রেবেকা বিবি বলেন, স্বামী আকবর গাজী ভ্যানচালক, বাড়িতে ছিল না। ভ্যান চালাতে গিয়েছিল। আমি আমার ছোট ছেলে এবং আমার তিন বছরের পোতা বাড়িতে ছিলাম। হঠাৎ করে কিভাবে যে ঘটনা ঘটল আমি বুঝতে পারলাম না। ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক কাপড়ে আছি। কী করে চলব বুঝতে পারছি না।