সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বরাত আলীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার নলকা ইউনিয়নের কুমাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। বরাত আলী মৃত আবু বক্কর আলীর ছেলে। এ অগ্নিকাণ্ডে বরাত আলীর অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম। তিনি বলেন, রাত ১টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গোয়ালঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ঘরে বেশ কিছু মালামাল ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার জিনিসপত্র ছিল।