পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ফয়সাল নামের এক আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে ফয়সাল শেখকে (৩২) গ্রেফতার করে।
শনিবার বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার পিরোজপুর আদালতে একাধিক মাদক মামলার আসামি ফয়সাল মামলার হাজিরা দিয়ে ফেরার পথে পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামি ফয়সালকে গ্রেফতার এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত হাসান খান।