ঠাকুরগাঁও পৌরসভার সরকারপাড়ায় এক স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে ওই ভুক্তভোগী পরিবার সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
আটকরা হলেন শহরের সরকারপাড়া এলাকার আমিনুল ইসলাম রাজের ছেলে মো: বিশাল (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (২৩), আব্দুল মালেকের ছেলে মাসুদ (২২)।
এ ঘটনায় অপর আসামি শহরের রামবাবু গোডাউন এলাকার মুরাদ (২০) পলাতক রয়েছেন।
এ দিকে, অপহৃত শিক্ষার্থী তোহা শহরের গোয়ালপাড়া এলাকার মো: সোহরাওয়ার্দীর ছেলে।
সোহরাওয়ার্দীর জানান, ‘তার ছেলে স্থানীয় কয়েকজন বন্ধুর সাথে কোচিংয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও ছেলে ফিরে না আসায় তিনি তার ছেলের মোবাইল ফোনে ফোন দিলে মোবাইল ফোনটি বন্ধ পান। পরে রাত ১টার সময় তাকে একটি মোবাইল ফোন থেকে ফোন করে জানানো হয় তার ছেলে ও সহপাঠীদের অপহরণ করা হয়েছে। এ সময় তার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ছেলেকে জানে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয় এবং তার ছেলে ও তার বন্ধুদের কাছে থাকা ১ হাজার ৮১০ টাকা ছিনিয়ে নেয়।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ‘চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে। তিনজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।
অপরজনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



