বরগুনার তালতলীর বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধারের পর টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়াণ্যে এটি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে স্থানীয়রা। পরে তারা বনবিভাগকে খবর দেয়। উদ্ধার করা মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্যে দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে।

উপজেলা রেঞ্জ অফিসার মো: মনিরুল ইসলাম জানান, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাইজোড়া এলাকার কাছেম
হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। পরে স্থানীয়রা এটিকে বন্দী করে বনবিভাগকে খবর দেয়।

তিনি বলেন, ‘প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে পর্যবেক্ষণ করি। সুস্থ থাকায় দুপুরেই এটিকে উপজেলা নির্বাহী অফিসারসহ টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করি আমরা।’

তিনি আরো জানান, আশপাশের বাড়ির হাঁস-মুরগি খাওয়ার জন্য মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে
বলে ধারণা করা হচ্ছে।