ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাদুর বাক্সের মাধ্যমে দ্বিগুণ টাকা করার সরঞ্জামসহ প্রতারক চক্র সুপেন পাল অরফে হ্যান্ডেলু (৫৮) ও মমতাজ আলী (৩০) নামের দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়কোট কাটাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার আধারদিঘী বড়কোট গুচ্ছ গ্রাম এলাকার মরহুম খকেন পালের ছেলে সুপেন পাল অরফে হ্যান্ডেলু ও ভানোর দুর্গাপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে মমতাজ আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ললিত চন্দ্রের ঘরের ভেতরে সুপেন পাল অরফে হ্যান্ডেলু ও মমতাজ আলী মিলে প্রতারণামূলক জাদুর বাক্সের মাধ্যমে দ্বিগুণ টাকা করার গোপন এমন সংবাদ পায় পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, চারটি কাঁচের প্লেট, কাটা কাগজের দুটি জাদুর বাক্স ও টাকা কালার করার মেডিসিনের বোতল জব্দ করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ কবির জানান, গোপন সংবাদে খবর পেয়ে দু’জন প্রতারক ও প্রতারণার সরঞ্জামসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাদেরকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে হাজির করা হলে সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।