ঠাকুরগাঁও পৌরসভার সরকার পাড়া এলাকায় এক স্কুলছাত্রকে অপহরণ করার পর মুক্তিপণ দাবি করে নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ওই ভুক্তভোগী পরিবার সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
আটককৃতরা হলো- ঠাকুরগাঁও শহরের সরকার পাড়া এলাকার আমিনুল ইসলাম রাজের ছেলে বিশাল (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (২৩) ও আব্দুল মালেকের ছেলে মাসুদ (২২)। এ ছাড়া অপর আসামি শহরের রামবাবু গোডাউন এলাকার মুরাদ (২০) এখনো পলাতক রয়েছে।
ভুক্তভোগী সোহরাওয়ার্দী (৫৮) পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিসমত বাগদহ গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি শহরের গোয়ালপাড়া এলাকায় ভাড়ায় থাকেন।
সোহরাওয়ার্দী জানান, রাত ১টার সময় তিনি জানতে পারে তার ছেলে ও তার সহপাঠীদের অপহরণ করা হয়েছে এবং তার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তার ছেলেকে জানে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয় এবং তার ছেলে ও তার বন্ধুদের কাছে থাকা এক হাজার ৮১০ টাকা আদায় করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে। তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে।