ঠাকুরগাঁও সদর উপজেলা অবৈধভাবে ধান চাল মজুদ রাখার অভিযোগে দু’টি অটো রাইসমিল মালিককে ৫০ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা আদায় করে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জরিমানা পাওয়া রাইস মিলগুলো হলো, সদর উপজেলার আকচা ইউনিয়ন ও রহিমানপুর ইউনিয়নে অবস্থিত প্রবন প্রসাদ আগরওয়ালার মেসার্স মাছরাঙ্গা অটোরাইস মিল এবং আব্দুস সালামের মেসাস জেএস মিল।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, ‘ধান-চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মজুদ বিরোধী আইন এরই মধ্যে পাস হয়েছে। দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ধান চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। যা অব্যাহত থাকবে।’
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, কারিগরি খাদ্য পরিদর্শক হারুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।



