খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শান্তি পরিবহনের একটি বাসচাপায় শহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকায়।
জানা যায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা উপজেলার হাতিমুড়া নামকস্থানে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানান, মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে। বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।



