৬০ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাছ ধরা প্রতিযোগিতায় অংশ নেন লালমোহনের ছেলে নাজমুল আলম সজীব। সারা দিন বড়শি পেতে তিনি সাত কেজি চার গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরে প্রথম স্থান পুরস্কার অর্জন করেন। সেই সাথে জিতে নিয়েছেন আট লাখ টাকার প্রাইজবন্ড। গত শনিবার বরিশাল বাকেরগঞ্জের বরিশাল ফিশিং জোন (বৈরম খাঁ) দিঘিতে বড়শি দিয়ে (ছিপ) মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বরিশাল ফিশিং জোন এ প্রতিযোগিতার আয়োজন করে।
পুরস্কার পেয়ে নাজমুল আলম সজীব বলেন, ২০২০ সাল থেকে আমি বরশি দিয়ে মাছ শিকার করা শুরু করি এবং মাছ শিকার করা অনেক সময় ধরে ধৈর্য ও সাধনা লাগে। আমাদের সামনে অনেক জিনিস দেখি, যা সহজে শিকার করা যায়, কিন্তু পানির নিচে মাছ ধরা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় এবং একটা স্বপ্ন ছিল আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে মাছ শিকার করব ২০২৩ সালেই আমি ভোলার বাইরে গিয়ে প্রথম ২০ হাজার টাকার টিকিট কেটে বরিশাল ফিশিং জোনে এই মাছ শিকার করি। সজীব আরো বলেন, আমার দেখা বরিশাল ফিশিং জোনে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ শিকারিরা এলে তারা অনেক আপ্যায়ন করে এবং এখানে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হয়। আমি প্রথম স্থান অর্জন করায় বরিশাল ফিশিং জোনের সবাইকে আমার টিম মেম্বার এবং আমার সাথে যারা অংশগ্রহণ করেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি সবার দোয়াপ্রার্থী।



