জ্ঞান-বিজ্ঞান, মনুষ্যত্ব ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবিতে ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বানকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চার দশক পূর্তির ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সংগঠনের সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক অরূপ দাস শ্যামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) দলের প্রধান সমন্বয়ক মাসুদ রানা, সংগঠনের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিকুল ইসলাম সাদিক।
ছাত্র সমাবেশে মাসুদ রানা বলেন, আমরা আওয়ামী লীগের অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বসবাস করছি। গত ৭ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি। সরকার গায়ের জোরে তাদের মতামত জনগণের ওপর চাপিয়ে দিয়ে দেশে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, যা জগদ্দল পাথরের মতো আমাদের ওপর চেপে বসেছে। অনুরূপ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত করে রেখেছে। এ থেকে মুক্ত হতে হলে ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। দেশের এই ক্রান্তিলগ্নে নিশ্চয়ই ছাত্ররা এগিয়ে আসবে এই প্রত্যাশা করছি এবং বিশ্বের ইতিহাসে একটা শোষণ-বঞ্চনাহীন সমাজব্যবস্থা লেনিন ১৯১৭ সালে যেমন রাশিয়ায় প্রতিষ্ঠিত করেছিলেন সে রকম সমাজব্যবস্থা বাংলাদেশেও প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, আজ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী পুঁজিবাদী দেশগুলো যুদ্ধ বাধাচ্ছে, গাজায় ইসরাইল বর্বর হামলা চালাচ্ছে, ইউক্রেনে রাশিয়া হামলা করছে। পুরো পৃথিবীকে সাম্রাজ্যবাদী দেশগুলো লুটপাট করছে। বাংলাদেশও তার বাইরে নয়। আমেরিকা-ভারত-চীন-রাশিয়া তাদের স্ব স্ব স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে। আর বাংলাদেশ একটা অগণতান্ত্রিক রাষ্ট্র হওয়ায় সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের স্বার্থ হাসিল করছে। আমরা ছাত্রদের আহ্বান জানাই দেশে দেশে সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন এবং দেশে পুঁজিপতি শ্রেণীর দল আওয়ামী লীগের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।
রাফিকুজ্জামান ফরিদ বলেন, সরকার একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় শিক্ষাক্রম-২০২১ চালু করেছে। আমরা এই শিক্ষাক্রম বাতিলের দাবি জানাচ্ছি। কারণ এই শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষার গুরুত্বকে খর্ব করা হয়েছে, শিক্ষার সার্বজনীন অধিকার থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হবে, ঝরে পড়ার হার বাড়বে, শিক্ষা-সংস্কৃতি ও মনুষ্যত্ব ধ্বংস করবে। তিনি অবিলম্বে এই শিক্ষাক্রম বাতিল করে ছাত্র-শিক্ষক-অভিভাবক-বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে যুক্ত করে নতুন শিক্ষাক্রম চালুর আহ্বান জানান।
সভাপতি সালমান সিদ্দিকী বলেন, মানুষ যত কম জানবে তত শাসক শ্রেণীর ভালো, কারণ শাসকরা জানে জনগণের অজ্ঞতাই শাসকশ্রেণীর ক্ষমতার উৎস। শিক্ষার্থীরা যেন নৈতিকতা-মনুষ্যত্ব নিয়ে দাঁড়াতে না পারে তার জন্য তাদের নৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেয়ার নানান আয়োজন আমাদের সমাজে চলছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাসকশ্রেণীর এই চক্রান্তকে রুখে দেবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শুধু শিক্ষার আন্দোলন করে না শিক্ষা-সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার সংগ্রাম একই সাথে করে। সমাবেশ শেষে একটি মিছিল কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মধুর ক্যান্টিন, লাইব্রেরি, টিএসসি হয়ে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়।



