খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজারের ব্রিজের নিচে ছড়া থেকে কম্বলে মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পথচারীরা ব্রিজের নিচে ছড়ার পানিতে কম্বল মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ স্থানীয়দের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উদ্ধার হওয়া শিশুটিকে মৃত ঘোষণা করে। তবে শিশুটির স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে পুলিশ শিশুটিকে নিয়ে আসে। স্বাস্থ্য পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে আনার অনেক আগেই মৃত্যু হয়েছে বলে জানান। ধারণা করা হচ্ছে শিশুটি চার-পাঁচ মাস বয়সী হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হবে। শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্ত করা হবে। শিশুটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।



