ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩ মেধাবী শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা ট্রাস্ট ফান্ড’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী তামারা ইয়াসমীন তমা এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মো: নাসিমুল হুদা এবং অর্থী নবনীতা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ট্রাস্ট ফান্ডের দাতা যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজ বক্তব্য প্রদান করেন। ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে এই বৃত্তি প্রদান করায় প্রশাসনের পক্ষ থেকে ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. আলী রীয়াজকে আন্তরিক ধন্যবাদ জানান। গবেষণায় অ্যাওয়ার্ডপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মূলত গবেষণার জায়গা। এই ধরনের গবেষণা বর্তমান সময়ে প্রাসঙ্গিক। এই বৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি গবেষণা কাজে আরো উৎসাহিত হবে।
জুনিয়রদের গবেষণায় উৎসাহিত হওয়ার পরামর্শ দেয়ার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে ভিসি আরো বলেন, কমপক্ষে ৩০ শতাংশ শিক্ষার্থী এমএসএস পর্যায়ে যেন গবেষণায় সুযোগ পায় সে লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণার সারসংক্ষেপ অনুষ্ঠানে উপস্থাপন করেন।
মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট প্রোগ্রামের উপপরিচালক মি. ব্রেন ফ্লানিগান গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইংরেজি ভাষা, তথ্যপ্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট প্রোগ্রামের উপপরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং মার্কিন বিশেষজ্ঞ বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশিপ/বৃত্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



