নওগাঁর মান্দায় ‘মাসুদ এন্টারপ্রাইজ’ নামে নামসর্বস্ব ও নিবন্ধনবিহীন (লাইসেন্সবিহীন) এক খাদ্যের গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুদের অভিযোগে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ও আটক মাসুদ রানা (৩৮) উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। এ সময় খাদ্য সামগ্রীসহ গুদামটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।
গত বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গুদামে মজুদকৃত ও জব্দকৃত মালামালের মধ্যে ছিল সয়াবিন তেল ২০ হাজার ৭২ লিটার, গম ১২৮ টন, আটা-ময়দা আট হাজার কেজি, অ্যাঙ্কর ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি চার হাজার ৫০ কেজি, ছোলা-বুট চার হাজার ৭০০ কেজি ও লবণ ১২০০ কেজি। এ দিকে হঠাৎই অভিযানে মাসুদ রানা আটক হওয়ার পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু বলেন, মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজ নামে কেনা হয়। তবে এই নামে বা অন্য কোনো নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই। মজুদ করে বেশি দামে বিক্রি করাই তার প্রধান ও মূল ব্যবসা।
অতিরিক্ত মালামাল থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা না করে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদি হয়ে মামলা করবেন বলে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হবে।