কোটালীপাড়ায় দ্রুত গতির অবৈধ মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজ চাঁদ (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া-পয়সারহাট সড়কের চিত্রাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার চিত্রাপাড়া গ্রামের নেহাল উদ্দিন চাঁদের ছেলে।
আর নিহতের সাথে থাকা আহতরা হলেন আরো দুই ব্যবসায়ী মশিউর দাড়িয়া (৪২), নুরুল ইসলাম মিয়া (৪০), মোটরসাইকেলের চালক রনি হাজরা (২৩) ও আরোহী রবিউল খান (২০)। আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।
প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা রিপন মিয়া জানান, ছয়জন ব্যবসায়ী দোকানের পাশে দাড়িয়ে চা-পান খাচ্ছিল। হাঠাৎ দ্রুত গতিতে এসে মোটরসাইকেলটি তাদের ধাক্কা দিয়ে ছেঁছড়ে নিয়ে গাছের সঙ্গে চাঁপা দেয়। রেজিস্ট্রেশনবিহীন ঘাতক মোটরসাইকেলটি তৌকির হাজরা নামক অন্য এক যুবকের বলে জানায় চালক রনি হাজরা। নিহতের স্বজনসহ এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় গোলাম রাব্বি রনি হাজরা ও রবিউল খানসহ দুজনকে বিবাদী করে থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমেদ বলেন, মোটরসাইকেলটি আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা হয়েছে। উভয় আসামিকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



