নওগাঁর রাণীনগর থেকে লুট হওয়া ৫০০টি হাঁস উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত চারজনকে আটকসহ লুটের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) তাদেরকে আদালতে সোর্পদ করা হয়।

গ্রেফতাররা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার বেজার গ্রামের এরশাদুলের ছেলে আহাদ আলী (২৮), নওগাঁ সদরের খাস নওগাঁ মফিজ পাড়া গ্রামের ছামছুর রহমানের ছেলে হিমেল (২৫), নওগাঁর মান্দা উপজেলার পারসিমলা গ্রামের ইউনুস আলীর ছেলে সাকিবুর (২৫) এবং বগুড়া সদর থানার কুমিরা পশ্চিমপাড়া গ্রামের হানিফের ছেলে রাহিদ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহেশ রৌহালী গ্রামের রাশেদ আলীর তিনজন কর্মচারী রাণীনগর উপজেলার ভাটকৈ এলাকায় হাঁসগুলো দিনভর মাঠে ছেড়ে দিয়ে খাওয়ানোর পর রাস্তার পাশে রেখে ঘুমাচ্ছিলেন। এ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ওই তিনজন কর্মচারীকে বেঁধে রেখে ৫০০টি হাঁস এবং ৬০০টি ডিম ও দু’টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় হাঁসের মালিক রাশেদুল ইসলাম শুক্রবার সকালে রাণীনগর থানায় একটি মামলা করেন।

তিনি আরো বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে অভিযান চালিয়ে আহাদ আলীকে সান্তাহার এলাকা থেকে লুটের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে রাতভর মোহাম্মদ থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হিমেল, সাকিবুর ও রাহিদকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে লুটের ৫০০টি হাঁস, একটি মোবাইল ফোন, লুটের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।