পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ সুরক্ষার লক্ষ্যে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দু’টি ইউনিয়নে তিনটি অবৈধ ইঠভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী তিনটি পৃথক মামলায় ওই তিন ভাটা মালিককে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও পাজা নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান, তিনটি অবৈধ ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী তিনটি পৃথক মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ও জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট চলমান থাকবে।