হবিগঞ্জের চুনারুঘাটে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বের হয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে দুইছাত্র।
নিখোঁজ দ্’ুজন হল উপজেলার সুনাতলা গ্রামের নুহ মিয়ার ছেলে ও বাহুবল হামিদ নগর কওমি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী সালমান আহমেদ (১৫) এবং একই এলাকার প্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)। নয়ন স্থানীয় একটি ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও সালমানের মা ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী।
এদিকে দুই ছাত্র নিখোঁজ থাকায় তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ সালমানের মা মাহমুদা আক্তার বলেন, সালমান মাদ্রাসায় ও নয়ন স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। ঘটনার দিন বিকেলে গোয়াছপুর মাদ্রাসার মাহফিলে যাওয়া কথা বলে বের হয়েছিল দু’জন। এরপর থেকেই নিখোঁজ তারা। নয়নের মা জাসমিন আক্তার আসমা সন্তানকে হারিয়ে শুধু কান্নাকাটি করছেন।
থানার ওসি হিল্লোল রায় জানান, তাদের দু’জনকে খোঁজে বের করার চেষ্টা চলছে। দায়িত্বপ্রাপ্ত এসআই দেলোয়ার হোসেন জানান, মাদ্রাসার ছাত্র সালমান এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছে। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেয়া হয়েছে এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।



