ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাক প্রতিবন্ধী কিশোর শাকিল হোসেন নিখোঁজের ৯ দিন পর ইট ভাটার ডোবার পানি থেকে ভাসমান লাশ স্থানীয়রা উদ্ধার করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে হরিপুর উপজেলার জামুন গ্রামের মো: হাবিবুর রহমান চৌধুরীর ইট ভাটার ডোবার পানিতে ভাসমান লাশ দেখতে পান ইট ভাটার শ্রমিকেরা। বিষয়টি এলাকায় ব্যাপক জানাজানি হলে মানুষ সেখানে গিয়ে তার ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশকে সংবাদ দেয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার আমগাঁও গাজীবস্তি গ্রামের রফিকুলের ছেলে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন গত ২০ জানুয়ারি সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। তার নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ভেঙ্গে পড়েন।

এ ব্যাপারে স্থানীয় জামুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইট ভাটার স্বত্বাধিকার মো: হাবিবুর রহমান চৌধুরী বলেন, ইট ভাটার শ্রমিকেরা ডোবার পানিতে কিশোরকে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে পাড়ে নিয়ে এলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে সংবাদ জানানো হয়।