বরগুনা সদর উপজেলায় আগুনে প্রায় ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১টার দিকে বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম স্বপন জানান, ‘ফুলঝুড়ি বাজারে আগুন লেগে ২৫টিরও বেশি দোকান পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, ‘রাত আনুমানিক ১টার দিকে ফুলঝুড়ি বাজারে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’