মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের সাফিয়া আক্তার লক্ষী (৫৬) খুনের ঘটনায় মানসিক ভারসাম্যহীন ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতাররা হলেন সাফিয়ার মানসিক ভারসাম্যহীন ছেলে রতন (৩৬), প্রতিবেশী বিল্লাল মোল্লা (৬০) ও সাঈদ মোল্লা (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: আব্দুস সালাম মিয়া নিশ্চিত করেন।

এর আগে খুন হওয়া ওই নারীর ছোট ছেলে তরিকুল ইসলাম সোনাই গত সোমবার দিবাগত রাতে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন।

তরিকুল অভিযোগ করে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে পাশের বাড়ির আছর উদ্দিন মোল্লার ছেলে সাঈদ মোল্লা ও বিল্লাল মোল্লা তার মাকে খুন করেছে। তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে খুন হওয়া সাফিয়ার বড় ছেলে রতন মানসিক ভারসাম্যহীন। মাঝে-মধ্যেই মায়ের সাথে তার ঝগড়া হত। মা ও ছেলের ঝগড়ায় এমন ঘটনা ঘটতে পারে। পুলিশের একাধিক সূত্রও এমনটি জানিয়েছেন।

থানা পুলিশ জানান, গ্রেফতার রতনের ডান হাত ও পায়ের একাধিকস্থানে নিলা-ফুলা দেখা গেছে। লাশ উদ্ধার কালেও সে অন্যত্র পালিয়ে ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রতনই তার মাকে হত্যা করেছে।

উল্লেখ্য, রোবরার (২৮ জানুয়ারি) নিজ শয়নকক্ষে সাফিয় আক্তার লক্ষী খুন হন। রাত ৯টার দিকে থানা পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহত সাফিয়া আক্তার লক্ষী ওই গ্রামের মরহুম দরবেশ মোল্লার স্ত্রী ও তিন সন্তানের মা।