গাজীপুরের কালীগঞ্জে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধারি করা হয়।
নিহত ব্যক্তি জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে শরীফ মিয়া (৩৫)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শরীফ মিয়া এবং তার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক মনোমালিন্য চলছিল। গত শনিবার সকালে শরীফ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকেরা পরে আত্বীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।
মঙ্গলবার দুপুরে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশটি শরীফের বলে শনাক্ত করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাতাব উদ্দিন প্রতিবেদককে জানান, পুকুরে লাশ ভেসে থাকার খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



