নরসিংদীর বেলাবতে নিখোঁজের চার দিন পর রিয়াদ মিয়া (১৫) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ।

বুধবার সকাল ১১টায় উপজেলার পাটুলী ইউনিয়নের বটতলী বাজারের নিকট আড়িয়াল খা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিয়াদ উপজেলার বাজনাব ইউনিয়নের চন্দনপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার (২৭ জানুয়ারি) রিয়াদ তার বাবার খালার বাড়ি পাটুলী গ্রামে যান। পরদিন রোববার বিকেলে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অবশেষে বুধবার সকাল ১১টায় ঘটনাস্থলে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদউদ্দিন জানান, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’