নরসিংদীর বেলাবতে নিখোঁজের চার দিন পর উপজেলার পাটুলী ইউনিয়নের বটতলী বাজারের কাছে আড়িয়াল খাঁ নদ থেকে মানসিক প্রতিবন্ধী কিশোর রিয়াদ মিয়ার (১৫) লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ। সে উপজেলার বাজনাব ইউনিয়নের চন্দনপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রিয়াদ মিয়া গত ২৭ জানুয়ারি শনিবার তার বাবার খালার বাড়ি পাটুলী গ্রামে যায়। পরদিন রোববার বিকেলে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অবশেষে ৩১ জানুয়ারি বুধবার বেলা ১১টায় স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠায়।
এ ব্যাপারে বেলাব থানার ওসি (তদন্ত) ফরিদউদ্দিন জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।