কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্তে অস্ত্রসহ মো: শামিম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মিরপুরস্থ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটক শামিম হোসেন দৌলতপুর উপজেলার ইনসাফনগর চরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৬-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাগজোত ঘাট নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগাজিনসহ শামিম হোসেনকে আটক করেছে।
তিনি আরো জানান, অস্ত্র, গোলাবারুদসহ আটক আসামিকে দৌলতপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



