কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে থানায় এক দম্পতিকে আসামি করে মামলা করা হয়েছে। এ অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামী রুহুল কাদেরকে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) তার মেয়ে কাজল বেগম রুহুল কাদের ও তার স্ত্রী বিয়াশা বেগমকে আসামি করে থানায় মামলা করেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া রুহুল কাদের ওই এলাকার মো: ওবাইদুল্লাহর ছেলে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এলাকাবাসী বলেন, খুন হওয়ার মত ঘটনা হয়নি।

নিহত মোহাম্মদ আলীর স্ত্রী শামশুন্নাহার বেগম বলেন, এক নারীর কাছ থেকে আমি টাকা পাই। বাড়ির অদূরে রাস্তার ওপর টাকার বিষয়ে তার সাথে কথা বলছিলাম। একপর্যায়ে কথা কাটাকাটি হয়। এ সময় রুহুল কাদেরও তার স্ত্রী বিয়াশা বেগম ক্ষেত থেকে উঠে এসে অতর্কিত আমার স্বামী মোহাম্মদ আলীকে হাতে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তাকে উদ্ধার করে বাড়িতে নিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রুহুল কাদেরের ছোট ভাই মাওলানা নুরুচ্চফা দাবি করেন, আমার বড় ভাইয়ের সাথে মোহাম্মদ আলীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা একসাথে মসজিদে নামাজে যেত। অবসর সময়ে বসে গল্পগুজব করত। কোনো বিরোধ ছিল না।

মোহাম্মদ আলীর স্ত্রী শামসুন্নাহার রাস্তায় পাওনা টাকার বিষয়ে এক নারীকে হেনস্তা করতে দেখে ক্ষেত থেকে গিয়ে বারণ করে রুহুল কাদের। এ সময় মোহাম্মদ আলী এগিয়ে গিয়ে বিষয়টি জানতে চায়। পরে নামাজের সময় হওয়ায় ঘরে গিয়ে অজু করে মসজিদে যাওয়ার প্রাক্কালে অসুস্থ হয়ে পড়ে মোহাম্মদ আলী।

স্থানীয়া লোকজন জানায়, দু’জনই ভালো লোক ছিল। কিন্তু কি কারণে এ ধরণের একটি মৃত্যুর ঘটনা ঘটল তা বোধগম্য নয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, স্বামী-স্ত্রী দু’জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় রুহুল কাদেরকে গ্রেফতার করা হয়।