টানা পাঁচ দিন শিক্ষার্থীদের আন্দোলনের জেরে সেই প্রধান শিক্ষক শিউলি আক্তারকে গাজীপুরের কালীগঞ্জে বদলি করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান স্থলে ঢুকতে দিলেও পাঁচ মিনিট পর বিদায় অনুষ্ঠান শেষ করে দেয়। এতে প্রতিবাদী হয়ে গর্জে উঠে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব নির্ধারিত বিদায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষিকা শিউলি আক্তার বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়নি। তাছাড়া শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকা শিউলি আক্তারের বিরুদ্ধে।

জানা যায়, এছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ফান্ড ও টিফিনের টাকা গলাধঃকরণ, স্কুলের আসবাবপত্র বিক্রি, অপছন্দের শিক্ষার্থীদের নিয়মিত পরিক্ষাসহ ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেয়া ও পরীক্ষায় বহিস্কার করার হুমকি দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকায় স্কুলের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে স্কুল প্রাঙ্গনে আন্দোলন গড়ে তোলে।

নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম জানান, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন করে। পরে বিষয়টি তদন্ত সাপেক্ষে অধিদফতরে প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিদফতর প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলির আদেশ দেন।

২৯ জানুয়ারি অধিদফতরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর-এ বদলির আদেশ কার্যকর করে।

অধিদফতরের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষিকা শিউলী আক্তারের স্থলাভিষিক্ত হোন কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল আহেদ।