নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা খড়ি বোঝাই এক গাড়িতে ধাক্কা লেগে সানোয়ার হোসেন (২৩) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সানোয়ার হোসেন (২৩) উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামের মহসিন আলীর ছেলে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন পরিবারের বরাত দিয়ে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা খড়ি বোঝাই গাড়িতে ধাক্কা লেগে সানোয়ার হোসেন নামে এক মোটরসাইকেলের চালক আহত হন। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। এরই একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।