গাজীপুর জেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য ও প্রাচীন বিদ্যাপীঠ। অথচ বিদ্যালয়টির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অবেহেলার কারণে স্কুলের পুকুরটি বছরের পর বছর কুচুরিপানায় ভর্তি হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভাওয়াল রাজার আমলের স্কুলটির পুকুর ও ঘাট আজ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আগে পুকুরে সুন্দর ঘাট ছিল। ঘাটটি দীর্ঘ দিন যাবৎ ভাঙা অবস্থায় পড়ে আছে। তখন আশপাশে কোনো প্রকার ময়লা ছিল না, পানি স্বচ্ছ ও পরিষ্কার ছিল। তারা পুকুরে গোসল করতেন। সন্তানদের পুকুরে সাঁতার শেখাতেন।
কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, আগে সাপ্লাই পানি ছিল না। এ পুকুরেই বাজারের দোকানদার ও ক্রেতা-বিক্রেতারা নামাজের সময় অজু করতেন। বর্তমানে পুকুরে পানি ব্যবহারের অনুপযোগী। পুকুরের বর্তমান অবস্থার জন্য স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনা-অবহেলাকেই দায়ী করছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের শিক্ষার মান আর আগের মতো নেই। এলাকাবাসীর প্রাণের দাবি অবহেলিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তারা।
বিদ্যালয়টি উপজেলার প্রাণকেন্দ্র পৌরসভার মুনসুরপুর মৌজায় অবস্থিত। কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৮৮৯ সালে যাত্রা শুরু করেছিল। প্রায় দেড় শ’ বছরের স্কুলটি দিয়েছে আমাদের উন্নত জীবনের দ্বারোদ্ঘাটনের চাবিকাঠি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোমাররাফ ইবনে কাদির বলেন, আমি যোগদানের পর থেকে পুকুরটি এই অবস্থায়ই পেয়েছি। ইতঃপূর্বে পুকুরটি পরিষ্কার করতে উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছি। তা ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সরকারিভাবে আলাদা কোনো বরাদ্দ নেই। পুকুরের পাড়ে যাতে কেউ ময়লা না ফেলে তার জন্য নোটিশ করেছি।
জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান জানান, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ইতোমধ্যে গাজীপুরের স্কুলের মাঠ ও পুকুর পরিদর্শন করে গেছে। শিগগিরই স্কুলের মাঠ ও পুকুর পরিষ্কার করা হবে।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। যেহেতু মাঠ ও পুকুর সরকারি খাস সম্পত্তি, তাই এগুলো পরষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। স্থানীয় প্রশাসনের মাধ্যমে পর্যায়ক্রমে পুকুর, মাঠ ও ঘাটের সংস্কারকাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।



