ঠাকুরগাঁওয়ে আরেকজনকে দিয়ে লিখিত পরীক্ষা দেয়ানোর পর মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে ধরা পড়লেন মনোরঞ্জন চন্দ্র রায় নামের এক যুবক।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে জালিয়াতির মাধ্যমে অন্যকে দিয়ে লিখিত পরীক্ষায় পাস করে অবশেষে মৌখিক পরীক্ষায় ঠাকুগাঁওয়ে অংশ নিতে আসেন মনোরঞ্জন চন্দ্র রায়। এসে তিনি পরীক্ষকদের কাছে ধরা পড়েন যে তিনি লিখিত পরীক্ষায় অন্য কাউকে দিয়ে খাতা লিখিয়েছিলেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে তার জালিয়াতি ধরা পড়ে। হাতের লেখায় অমিল পাওয়ায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন নিয়োগ বোর্ডের সদস্যরা। আটক মনোরঞ্জন চন্দ্র রায় পীরগঞ্জ উপজেলার বাসন্তী গ্রামের মৃত দিনেশ চন্দ্র রায়ের ছেলে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বলেন, গত বছরের ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হন মনোরঞ্জন চন্দ্র রায়। পরে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি। তবে লিখিত পরীক্ষার খাতার সাথে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখার অমিল দেখা যায়। এরপর জিজ্ঞাসাবাদে তিনি সব কিছু স্বীকার করেন। পরে মনোরঞ্জন রায়কে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে।