যশোরের চৌগাছায় পাশাপোল উপস্বাস্থ্য কেন্দ্রের চালের ওপর গাছ পড়ে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। এ দিকে ঘটনার চার দিন পার হলেও গাছটি অপসারণ করছে না কর্তৃপক্ষ। উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ঝুঁকি নিয়ে অফিস করলেও ভয়ে সেবা নিতে আসছেন না রোগীরা। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় হেলে পড়া গাছের ভারে স্বাস্থ্য কেন্দ্রের চালের কিয়দাংশ ধসে গেছে। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।
পাশাপোল ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রটি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। পাশাপোল ইউনিয়নের হাজার হাজার নারী-শিশু ও সর্বস্তরের মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটিই একমাত্র ভরসা। কিন্তু এখন ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রুগি নেই বললেই চলে। এতে করে ইউনিয়নের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি ভীষণভাবে ব্যাহত হচ্ছে।
এই স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক দিলরুবা ইয়াসমিন জানান, এখানে একটি দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছ ছিল। গাছটি গত ২৯ জানুয়ারি মধ্যরাতে উপড়ে উপস্বাস্থ্য কেন্দ্রের চালের ওপর এসে পড়ে। তিন দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় অফিস করলেও ভয়ে সেবা নিতে আসছে না রুগিরা।
এ ব্যাপারে পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, গাছটি দ্রুত সরিয়ে ফেলা জরুরি। এটি বিপজ্জনক অবস্থায় চালের ওপরে পড়ে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার লাকি বলেন, গাছটি অপসারণের জন্য ইতোমধ্যে বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। অনুমতি পেলে গাছটি সরানোর ব্যবস্থা করা হবে।
বন বিভাগের ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি আবেদন পেয়ে উপজেলা বন বিভাগের পক্ষে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই গাছটি সরানো হবে।



