কিশোরগঞ্জের কটিয়াদীতে রফিকুল ইসলাম নয়ন (৩৪) নামে এক আ’লীগ নেতাকে কুপিয়ে দুই হাতের কবজি আলাদা করে দিয়েছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের কাচারিপাড়া মোড়ে এ ঘটনাটি ঘটে।
রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রায়খলা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন। এ সময় তার মোটরসাইকেল আটকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে করে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে দূর্বৃত্তরা তাদের ধারালো রামদা ফেলে যায়। বিচ্ছিন্ন হাত দু’টি উদ্ধার করা হয়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো ছুরি উদ্ধার করি। কি কারণে এই হামলা তা এখনো জানা যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশ অভিযানে নেমেছে।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।



