রাজবাড়ির গোয়ালন্দে গোল্ডেন লাইন পরিবহন একটি বাসের ধাক্কায় বাইসাইকেলের আরোহী গোয়ালন্দ বাজারের দর্জি আকবর মল্লিক (৪৮) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জমিদারের ব্রিজ এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর মল্লিক রাজবাড়ি সদর উপজেলার মুকুন্দিয়া গ্রামের মৃত্যু মনছের মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দ গুড় বাজার এলাকায় টেইলার্সের ব্যবসা করে আসছিলেন।
গোল্ডেন লাইন পরিবহনের বাসে থাকা জাকির হোসেন নামে এক যাত্রী জানান, ওই বাসের চালক একহাতে মোবাইলে কথা বলা অবস্থায় আরেক হাতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাকে বার বার নিষেধ করছি ভাই আপনি আস্তে গাড়ি চালান। আর কান থেকে ফোনটি রাখেন। সে আমাদের কোনো কথাই শুনছিল না। এরইমধ্যে জমিদার ব্রিজ এলাকায় এলে বিকট শব্দ শুনতে পাই। শব্দের পর চালক গাড়িটি না থামিয়ে আরো গতি বাড়িয়ে চালাতে থাকে। সে সময় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এলে পুলিশ গাড়িটিকে আটকিয়ে দেয়। এ সময় চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়।
ঘটনা স্থলের পাশে দাঁড়িয়ে থাকা জবেদা বেগম নামে এক পথচারী জানান, আমি অটোর জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। দেখছি ওই লোকটি গোয়ালন্দ দিক থেকে রোডের পাশ দিয়ে সাইকেল চালিয়ে আসছে। এমন সময় গোয়ালন্দ মোড়ের দিক থেকে আসা একটি বাস হঠাৎ করে তাকে ধাক্কা দেয়। সে তখনই সাইকেল নিয়ে রোডের পাশে পড়ে যায়। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। দ্রুত ভ্যানে করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ি আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হালিম বলেন, আমরা গোল্ডেন লাইন পরিবহনটিকে (কুষ্টিয়া ঘ-১১-০০৪৮) আটক করেছি। চালক ও সহকারী চালক দুজনে পালিয়ে গিয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য রাজবাড়ি মর্গে পাঠানো হবে।



