ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বারো দশকের অন্তত দেড় শতাধিক আমগাছ কেটে দিয়ে চাষিদের সর্বনাশ করেছে দুর্বৃত্তরা। রাতে একের পর এক এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন আমসমৃদ্ধ বালিয়াডাঙ্গী উপজেলার চাষিরা।
সর্বশেষ গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার ভানোর ডাঙ্গীপাড়া গ্রামের মৃত কালা রাম ছেলে ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়ারের দুই বিঘা জমিতে রোপণকৃত বারো দশকের অন্তত দেড় শতাধিক আমগাছ কেটে দিয়ে চাষির সর্বনাশ করেছে।
এর কিছু দিন আগে বড় পলাশবাড়ী ইউনিয়নে আরো দুইজন আমচাষির ৭০০টি গাছ কাটা হয়। এই দু’টি ঘটনায় কোনো দুষ্কৃতকারী ধরা পড়েনি। ভুক্তভোগী চাষিরাও বলতে পারছেন না কারা তাদের এমন সর্বনাশ করছে। তবে ব্যক্তিগত শত্রুতা থেকে এমনটি করা হতে পারে বলে ধারণা তাদের।
ভানোর ইউনিয়নের ভানোর ডাঙ্গীপাড়া গ্রামের মৃত কালা রাম ছেলে ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়ার বৃহস্পতিবার রাতে আম বাগানের গাছ কাটার ঘটনায় পরদিন বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল তিনি নয়া দিগন্তকে বলেন, পুলিশ এসে দেখে গেছে। এত সাংবাদিক এলো। একের পর এক খবর হচ্ছে, কিন্তু কোনো আসামি ধরা পড়েনি। পুলিশ বলছে, ‘নাম বলো, নাম বলো’। রাতের ঘটনা। তারা কার নাম বলবেন?
ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়ার বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগে আমাদের সাত-আটজন আমচাষির ৭০০-এর বেশি আমগাছ কাটে সাবাড় করেছিল। তখনো কিছু হলো না। একজন আসামিও ধরা পড়ল না। গ্রামের সব জমিতেই আমগাছ। গাছ নিয়ে আমরা এখন বড় দুশ্চিন্তায় আছি।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, অতীতে কী হয়েছে তিনি তা জানেন না। তবে ভানোর ডাঙ্গীপাড়া গ্রামের আমগাছ কাটার ঘটনাটি ‘সূত্রহীন’। তারা আসামি ধরার কোনো সূত্র পাচ্ছেন না। অনেক মানুষের গাছ কাটা হয়েছে। তারা কেউই কারো নাম বলতে পারছেন না। পুলিশ চেষ্টা করছে।
কিছু দিন আগে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নে এক কৃষকের ছয় একর ফল বাগান কেটে সাবাড় করে।
দুর্বৃত্তরা রাতে তার বাগানে বেশ কয়েক বার হামলা করেছে। ৭০০টি আমগাছ কেটে ফেলা হয়েছে।
ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়ার বলেন, একটি গাছ কাটার আসামিও ধরা যায়নি। বিচার হয়নি। বাবা মারা যাওয়ার পরে তারা সবার সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করছেন। সর্বশেষ গত এক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তারা ছাড় দিয়ে আপস করে নিয়েছেন।
ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়ার ছাড়াও গত কয়েক বছরে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন জায়গায় আম, কাঁঠাল, লিচু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতের কয়েকটি বাগানের গাছ রাতে কেটে ফেলে দুর্বৃত্তরা। ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়ার বলেন, কারো সাথে প্রকাশ্য শত্রুতা না থাকায় তারা থানায় কোনো অভিযোগ করেননি। কোনো দুষ্কৃতকারীও চিহ্নিত হয়নি।



