নরসিংদীর বেলাবতে অপ্রচলিত ফসল কফি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উপজেলার নিলক্ষীয়ার কৃষক সালাহ উদ্দিন। তার এ বাগান দেখতে প্রতিদিন অনেকেই ভিড় জমাচ্ছেন। এলাকায় কফি চাষ নতুন হওয়ায় অনেকেই গাছের সাথে সেলফিও তুলছেন।
সরেজমিন তার বাগানে গিয়ে দেখা যায়, অনেক গাছেই ইতোমধ্যে ফল ধরেছে। এ ব্যাপারে কথা হলে বাগানমালিক সালাহ উদ্দিন জানান, কৃষি অফিসে প্রশিক্ষণ নিতে গিয়ে তিনি জানতে পারেন কফির চারা সম্পর্কে। এতে তার আগ্রহ বাড়ে এবং তিনি এ চাষ করতে চান বলে অফিসকে জানান। এ থেকে চারা সংগ্রহ করে ৩১ শতাংশ জমিতে রোপণ করেন কফির চারা। ফসলটি নতুন হওয়ায় এ ব্যাপারে ধারণা না থাকায় কৃষি অফিসের পরামর্শে এগিয়ে যাচ্ছেন তিনি। গাছ থেকে ফল সংগ্রহ করে প্রক্রিয়াজাত এবং বাজারে বিপণনের কাজ তিনি নিজেই করেন।
বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উর রব জানান, প্রাথমিকভাবে প্রদর্শনী হিসেবে আমরা কফি চাষের উদ্যোগ নিয়েছি। সফল হলে পরবর্তী সময়ে এ চাষ আরো বৃদ্ধি করা হবে।